প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে কেমিস্টদের মানববন্ধন সম্পৃক্ততা বহালের দাবি

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও। ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন সাধারণ কেমিস্টরা।
বুধবার (১৮ নভেম্বর) সকালে শহরের চৌরাস্তায় বিসিডিএসের ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত ফার্মেসি সেবা নিশ্চিত করতে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘদিন ধরে এ কোর্স পরিচালনার সঙ্গে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি সম্পৃক্ত রয়েছে। তবে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের পক্ষ থেকে এ কার্যক্রমে সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় সাধারণ কেমিস্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, এ কোর্স পরিচালনায় সমিতির দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্পৃক্ততা রয়েছে। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে আগের মতো বিসিডিএসকে কোর্স পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রাখার দাবি জানান তারা।
মানববন্ধনে বিসিডিএসের ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন এলাকার সাধারণ কেমিস্টরা অংশ নেন।
কর্মসূচির সমাপনী বক্তব্যে বিসিডিএসের ঠাকুরগাঁও জেলা শাখার বর্তমান সভাপতি ডা. মো. ইহসানুল ইসলাম (ইহসান) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কেমিস্টদের স্বার্থ ও ফার্মেসি সেবার মানোন্নয়নে এ দাবি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।
© newsnet24bd All Right Reserved