প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
লোকায়ন জাদুঘরের সংগ্রহে মুগ্ধ, ইকো ইউনিভার্সিটি নিয়ে আশাবাদ ইউজিসির

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের সংগ্রহ ও উদ্যোগের প্রশংসা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। একই দিনে জেলার ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব নারগুন এলাকায় ইকো ইউনিভার্সিটি এবং আকচা ইউনিয়নে অবস্থিত লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেন।
লোকায়ন জাদুঘরে পৌঁছালে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের স্বাগত জানান জাদুঘরের চেয়ারম্যান এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান।
পরিদর্শনের সময় ইউজিসি চেয়ারম্যান ও সদস্যরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। এর মধ্যে ছিল তৃণমূল লোকজ, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নদী, মুক্তিযুদ্ধ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, লোকজ পুতুল ও খেলনা, বাদ্যযন্ত্র, বিজ্ঞান এবং বৃক্ষ গ্যালারি।
জাদুঘরের বিভিন্ন সংগ্রহ ও কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেন, দেশের ইতিহাস, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে দেশের শিকড় ও ঐতিহ্য তুলে ধরতেও লোকায়ন জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এরপর ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন করেন ইউজিসি চেয়ারম্যানসহ প্রতিনিধি দলের সদস্যরা। বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন তারা।
এ সময় ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সরকারি অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো ও সামগ্রিক প্রস্তুতি দেখে মনে হয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এ অঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, ইকো ইউনিভার্সিটি মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহীন, ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর ড. মো. মেহেদী হাসান খান, প্রফেসর ড. মো. আসলাম হোসেন ও প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী এবং ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারসহ সংশ্লিষ্টরা।
© newsnet24bd All Right Reserved